রাজনীতি
নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় তুরস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী এমিনে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের প্রথম দিনেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য ও জীবনযাত্রায় এর প্রভাব নিয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। এ সময় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মানুষের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেন এমিনে এরদোয়ান।
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পাটজাত ও পচনশীল পণ্যের ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের রপ্তানি সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের সামনে তৈরি হওয়া স্বাস্থ্যগত ও সামাজিক চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কেও এমিনে এরদোয়ানকে অবহিত করেন তিনি।
এসব উদ্যোগের প্রশংসা করে তুরস্কের ফার্স্ট লেডি বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দুই দেশের মধ্যে সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। এরপর থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় তুরস্কের ভূমিকা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রিত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যগত ঝুঁকি, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং প্রতিকূল পরিবেশে জীবনযাপনের বিভিন্ন সমস্যা বৈঠকে তুলে ধরা হয়।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দেন তিনি।
বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে।
এদিকে বৈঠকে ডা. জুবাইদা রহমান এমিনে এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ২০১৭ সালের সফরের স্মৃতিচারণ করে তুরস্কের ফার্স্ট লেডিও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বৈঠকের এসব তথ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংবাদ সম্মেলনে তুলে ধরেন।















