বিশ্ব
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সমর্থন এবং সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অব্যাহত সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় তুরস্কের প্রতি ধন্যবাদ জানান তিনি।
জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খনিজ সম্পদ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে এ ক্ষেত্রে অংশীদারত্ব আরও গভীর ও বহুমুখী করা প্রয়োজন। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতার পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন তিনি।
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা জোরদারের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
জ্বালানি ও খনিজ সম্পদে সহযোগিতার সম্ভাবনা
বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি উঠে আসে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ ও অংশীদারত্বের সুযোগ নিয়ে আলোচনা করেন দুই নেতা।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্ব
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। এ ক্ষেত্রে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট ও দেশটির সরকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।















