রাজনীতি
২৪ এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিলো ৭১ এর রাজাকার

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানকে জামায়াতে ইসলামীর সংবর্ধনা দেওয়ার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, আন্দোলনকারীদের ‘রাজাকারের সন্তান’ বলা আক্তারুজ্জামান এখন জামায়াতের কাছে ‘হিরো’ হয়ে উঠেছেন।
রাশেদের খানের দাবি, ‘ফেস দ্য পিপল’ আয়োজিত একটি টকশোতে আক্তারুজ্জামান আন্দোলনকারীদের ওই ভাষায় সম্বোধন করেছিলেন। নিজেও সেই আলোচনায় উপস্থিত ছিলেন জানিয়ে তিনি লেখেন, তাকেও একইভাবে আক্রমণ করা হয়েছিল।
তার ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের সঞ্চালক সব আন্দোলনকারীকে এভাবে অভিহিত করা হচ্ছে কি না জানতে চাইলে আক্তারুজ্জামান সম্মতিসূচক জবাব দেন এবং নিজের বক্তব্যে অটল থাকেন।
আগে জামায়াতের কঠোর সমালোচনা করা আক্তারুজ্জামানকে এখন দলটির নেতারা প্রশংসা করছেন উল্লেখ করে এর রাজনৈতিক সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন রাশেদ। তিনি জানতে চান, শেখ হাসিনা ক্ষমা চেয়ে জামায়াতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলে তাকেও কি সেই সুযোগ দেওয়া হবে?
পোস্টে রাশেদ খান লেখেন, আক্তারুজ্জামানকে ঘিরে আয়োজন দেখে মানুষ মন্তব্য করছে, ‘২৪-এর রাজাকারকে ফুল দিয়ে বরণ করে নিল ৭১-এর রাজাকার।’ এটি রাশেদের পোস্টে উত্থাপিত রাজনৈতিক মন্তব্য।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় জামিনে মুক্তির পর আক্তারুজ্জামানকে সংবর্ধনা দেন জামায়াতের নেতারা। দলটির সহযোগী সদস্য আক্তারুজ্জামানের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা বলে দাবি করেছেন জামায়াতের আমির। তাঁর বক্তব্য, আক্তারুজ্জামান কারও গায়ে হাত দেননি।







