রাজনীতি

হবিগঞ্জে গ্রাম্য গানবাজনা বন্ধের নির্দেশ দিলেন হুইপ জি কে গউছ

Desk Reportকন্ট্রিবিউটর৯ নভেম্বর ২০২৬ · ২ মিনিটের পড়াRead in English

নিজের নির্বাচনী এলাকায় গ্রাম্য গানের আসর আয়োজন না করার বিষয়ে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তাঁর দাবি, এলাকার মানুষ এ ধরনের গানবাজনা পছন্দ করেন না। এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জি কে গউছ।

সভায় তিনি বলেন, গ্রাম্য গানবাজনা তাঁর এলাকার মানুষের পছন্দ নয়। পুরো জেলায় এ ধরনের আয়োজন বন্ধ রাখা সম্ভব হলে ভালো, তবে অন্তত তাঁর নির্বাচনী এলাকায় যেন গ্রাম্য গানের আসর, ওরসসহ বিভিন্ন আয়োজনে এ ধরনের গানবাজনা না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, শীত মৌসুমে এলাকায় ওয়াজ মাহফিল ও তাফসির মাহফিলের আয়োজন বাড়বে। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন কোনো ধরনের উত্তেজনা বা ধর্মীয় বিভেদ তৈরি না হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। আয়োজনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রশাসনকে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের একপর্যায়ে জি কে গউছ বলেন, তাঁর নির্বাচনী এলাকার সোয়া চার লাখ ভোটারের প্রতিনিধিত্ব করছেন তিনি। তাই ওই এলাকায় গ্রাম্য গানের আয়োজন দেখতে বা শুনতে চান না। এ বিষয়ে জেলা প্রশাসককে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানান তিনি।

হবিগঞ্জ-৩ সংসদীয় আসনটি হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ এ আসনে ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

বাণিজ্য ও শিল্পমেলা নিয়েও আপত্তি

সভায় বাণিজ্যমেলা, শিল্পমেলা ও অন্যান্য মেলার আয়োজন নিয়েও আপত্তি জানান হুইপ। তাঁর অভিযোগ, এসব আয়োজনের আড়ালে অনেক সময় অশ্লীলতা ও জুয়ার আসর বসে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পার্শ্ববর্তী জেলাগুলোতে মেলার আয়োজনের উদাহরণ দেওয়া হলে জি কে গউছ বলেন, সেসব এলাকায় মানুষের চাহিদা থাকতে পারে, তবে তাঁর এলাকার মানুষ এ ধরনের আয়োজন পছন্দ করেন না। নিজের নির্বাচনী এলাকায় বাড়তি সমস্যা তৈরি করতে পারে—এমন আয়োজনের অনুমোদন না দেওয়ার অনুরোধও জানান তিনি।

এ সময় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমসহ এলাকার বিভিন্ন আইনশৃঙ্খলাজনিত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পাশাপাশি নতুন করে কোনো জটিলতা তৈরি করা উচিত নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

জি কে গউছের বক্তব্যের ভিডিও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিক্রিয়া জানান। কেউ তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

ফেসবুকে রবিন চন্দ্র নামের এক ব্যক্তি প্রশ্ন তুলেছেন, যাঁরা গান পছন্দ করেন, তাঁরাও তো তাঁকে ভোট দিয়েছেন। তাহলে এলাকার মানুষ গান পছন্দ করেন না—এমন সিদ্ধান্তে তিনি কীভাবে পৌঁছালেন?

‘মাই স্কোপ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, জনপ্রতিনিধির দায়িত্ব সব শ্রেণি ও মতের মানুষের অধিকার রক্ষা করা। ওয়াজ মাহফিল, গ্রাম্য গান কিংবা অন্য কোনো সাংস্কৃতিক আয়োজন—সব ক্ষেত্রেই মানুষের শান্তিপূর্ণভাবে নিজস্ব পছন্দ অনুযায়ী অংশগ্রহণের সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করা হয়েছে।

সাহাবুদ্দিন নামের একজন মন্তব্য করেছেন, সংসদ সদস্যের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করেননি তিনি। অন্যদিকে সুকুমার দাস নামের আরেকজন প্রশ্ন তুলেছেন, হবিগঞ্জের মানুষ গান পছন্দ করেন না—এমন সিদ্ধান্তের ভিত্তি কী? তাঁর মতে, সংসদ সদস্যকে ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যেও অনেকেই গান পছন্দ করেন।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর