রাজনীতি

চোখের রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

Desk Reportকন্ট্রিবিউটর৮ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

চোখের রোগ প্রতিরোধ ও চক্ষু স্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসাসেবার পরিধি বাড়ানো যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সমন্বিত ও বহুমুখী সচেতনতামূলক কার্যক্রম। একই সঙ্গে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের মতো স্বাস্থ্যঝুঁকিগুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের চক্ষু স্বাস্থ্যবিষয়ক বহু খাতভিত্তিক কর্মপরিকল্পনা যাচাই ও চূড়ান্তকরণ’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন অসংক্রামক রোগের সঙ্গে চোখের স্বাস্থ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতি হতে পারে। পাশাপাশি হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। তাই এসব রোগকে আলাদা করে দেখার সুযোগ নেই। মানুষের সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত চিকিৎসা ও প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, নিজের স্বাস্থ্যের প্রতি প্রত্যেককে নিয়মিত যত্নশীল ও সচেতন হতে হবে। শুধু চক্ষু রোগের চিকিৎসার দিকে নজর না দিয়ে সামগ্রিক স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে।

এ জন্য বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কার্যকর গ্রুপ বা প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যৌথভাবে রোগ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডায়াবেটিসের কারণে চোখ ও কিডনির ক্ষতি কিংবা উচ্চ রক্তচাপ থেকে স্ট্রোকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষকে আগেভাগেই সচেতন করা সম্ভব।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর