রাজনীতি
মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণদের দূরে রাখতে তৃণমূলে ক্রীড়া কার্যক্রম বাড়াচ্ছে সরকার

তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া ঠেকাতে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার অংশগ্রহণের সুযোগ রেখে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে মহিলা আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক।
মন্ত্রী জানান, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার মাধ্যমে ইউনিয়ন পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি খেলায় প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিযোগিতার খেলাগুলো হলো ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।
মো. আমিনুল হক আরও জানান, ক্রীড়া কার্যক্রম পরিচালনা ও প্রশিক্ষণের জন্য ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।
এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তরুণদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।















