রাজনীতি

শিল্পাঞ্চলে সহিংসতা কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Desk Reportকন্ট্রিবিউটর৪ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

শিল্পাঞ্চলে চলমান সহিংসতা ও অশান্তি কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাইবার সুরক্ষা সংশোধন আইনের খসড়া পর্যালোচনাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, শ্রমিক নন—এমন কিছু ব্যক্তি আন্দোলনের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়াচ্ছেন। অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন—এমন কয়েকজন শিল্পমালিকও এসব কর্মকাণ্ডে যুক্ত বলে অভিযোগ করেন তিনি।

পার্শ্ববর্তী দেশ থেকে কেউ কেউ অস্থিরতার পরিকল্পনা করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এ ধরনের তৎপরতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকার আলোচনায় প্রস্তুত রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে দাবি উত্থাপনের সুযোগ রয়েছে। মালিকপক্ষ ও শ্রমিকনেতাদের সঙ্গেও সরকারের আলোচনা হয়েছে।

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রসঙ্গে তিনি বলেন, সরকার আগেই উদ্যোগ নিয়েছিল। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পেতে সময় লাগায় বোর্ড গঠন কিছুটা পিছিয়েছে বলে তাঁর দাবি।

মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বোর্ড শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবার বক্তব্য শুনবে। আগের মজুরি বৃদ্ধির হার, জীবনযাত্রার ব্যয়, অর্থনৈতিক পরিস্থিতি এবং শিল্পমালিকদের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে যৌক্তিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

নতুন মজুরি ঘোষণার সময়সীমা বোর্ড নির্ধারণ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর করার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ঘোষণা দেওয়ার কথা সরকার বলেছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে আরও খবর