বিশ্ব
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার বিষয়, জানাল ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, কোনো ব্যক্তির ভ্রমণের ক্ষেত্রে বৈধ ভ্রমণ নথি থাকা প্রয়োজন। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান আগেও স্পষ্ট করা হয়েছে। এটি একটি আইনি বিষয় এবং প্রচলিত আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে করা কূটনৈতিক তৎপরতা নিয়ে একাধিক সাংবাদিক প্রশ্ন করেন। জবাবে প্রতিবারই জয়সওয়াল বিষয়টিকে আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।















