রাজনীতি

গ্রাম্য গানের আসর বন্ধের নির্দেশ দেওয়ার বক্তব্য অস্বীকার জিকে গউছের, দাবি অশ্লীল গান-বাজনা নিয়ে সতর্ক করেছেন

Desk Reportকন্ট্রিবিউটর৯ নভেম্বর ২০২৬ · ২ মিনিটের পড়াRead in English

হবিগঞ্জে গ্রাম্য গানের কোনো আসরের অনুমোদন না দিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিএনপি-দলীয় হুইপ জিকে গউছ।

তাঁর দাবি, তিনি গ্রাম্য গানের আসর বন্ধের কথা বলেননি; বরং অশ্লীল গান-বাজনার অনুমতি না দেওয়া এবং এ ধরনের আয়োজনকে কেন্দ্র করে মাদক, জুয়া ও মারামারির মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিকে গউছ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকও।

সভায় গান-বাজনা ও বিভিন্ন আয়োজনের অনুমোদন প্রসঙ্গে জিকে গউছ বলেন, এলাকার মানুষ গ্রাম্য গানবাজনা পছন্দ করেন না। তাই পুরো জেলায় সম্ভব না হলেও অন্তত তাঁর নির্বাচনী এলাকায় এ ধরনের আয়োজন না করার বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। এসব আয়োজনকে কেন্দ্র করে যেন মারামারি, সংঘর্ষ কিংবা প্রাণহানির ঘটনা না ঘটে, সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি।

তাঁর বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাঁকে গ্রাম্য গানের আসরের অনুমোদন না দেওয়ার অনুরোধ জানাতে দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে দি ডকুমেন্টের পক্ষ থেকে জানতে চাইলে জিকে গউছ বলেন, তিনি গ্রাম্য গানের আসরের অনুমোদন না দেওয়ার কথা বলেননি। তাঁর বক্তব্য ছিল, অশ্লীল গান-বাজনার আয়োজনের অনুমতি দেওয়া উচিত নয়। পাশাপাশি এসব আয়োজনকে কেন্দ্র করে মাদক, জুয়া ও মারামারির মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ধর্মীয় অনুষ্ঠান প্রসঙ্গে সভায় হুইপ বলেন, শীত মৌসুমে এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন বাড়ে। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে যেন কোনো ধরনের উত্তেজনা বা ধর্মীয় অনৈক্য তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানগুলোর অনুমোদন দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ জানান তিনি।

এ ছাড়া বাণিজ্যমেলা ও শিল্পমেলার আড়ালে অশ্লীলতা এবং জুয়ার আসর বসানোর বিষয়েও আপত্তি জানান জিকে গউছ। তাঁর ভাষ্য, এলাকায় ব্যবসা-বাণিজ্য ভালো চলছে। তাই নতুন করে মাঠে দোকান বসানোর প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

তিনি বলেন, অন্য জেলায় এ ধরনের আয়োজনের চাহিদা থাকলেও তাঁর এলাকার মানুষ এগুলো পছন্দ করেন না। এ সময় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসককে তাঁর নির্বাচনী এলাকায় এসব আয়োজনের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে দি ডকুমেন্টের পক্ষ থেকে হবিগঞ্জ পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি।

সভায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর