রাজনীতি

গণভোটের রায় কার্যকর না হলে সহিংসতা বন্ধ হবে না: গোলাম পরওয়ার

Desk Reportকন্ট্রিবিউটর১১ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ রাষ্ট্র ও সংবিধান সংস্কার না হওয়ায় দেশে ফ্যাসিবাদী শক্তি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা ককটেল বিস্ফোরণ এবং বাসসহ বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করছে। এসব ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, সাম্প্রতিক কয়েক দিনে রাজধানীর মহাখালী, খিলগাঁও, পল্লবী, ফার্মগেট ও আদালত প্রাঙ্গণসহ দেশের অন্তত ৫০টি স্থানে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তার কাছে তথ্য রয়েছে। এ ছাড়া পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় অবরোধ ও ককটেল বিস্ফোরণ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করেন তিনি।

ফরিদপুরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় কালাচাঁন শেখ (৩৪) নামের এক চালকের মৃত্যুর প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, এ ধরনের সহিংসতা অতীতের নৃশংস ঘটনাগুলোর কথা স্মরণ করিয়ে দেয়।

বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা কিংবা পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এ ধরনের সহিংসতা চালানো সম্ভব নয়। এসব ঘটনায় বিএনপি সরকার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, নাগরিকদের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

গোলাম পরওয়ারের দাবি, দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান এবং রাষ্ট্র কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার করতে হবে। অন্যথায় জনগণের দাবি আদায়ে জামায়াতে ইসলামী নতুন কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর