মতামত
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া: ‘ভারতকে ফেরত দেওয়ার চাপ বাড়াবে’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন করা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি মনে করেন, এই আবেদনের মাধ্যমে শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন যে বাংলাদেশে এসে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার মতো পরিবেশ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, "বাংলাদেশে আসার জন্য শেখ হাসিনা পাসপোর্ট চেয়েছেন। তার মানে, তিনি মনে করছেন বাংলাদেশে এসে বিচার ফেস (মোকাবিলা) করার মতো পরিস্থিতি আছে। তবে সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। বাংলাদেশ সরকার ইতোমধ্যে তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, একজন দণ্ডিত অপরাধীকে হস্তান্তরের জন্য নতুন পাসপোর্টের কোনো প্রয়োজন নেই। দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ভারত সরকার চাইলেই তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
শেখ হাসিনার এই পদক্ষেপ রাজনৈতিকভাবে ভুল ইঙ্গিত দিচ্ছে দাবি করে তিনি বলেন, "পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা রাষ্ট্রপক্ষের পথ আরও সহজ করে দিয়েছেন। এখন বাংলাদেশ সরকার জোরালোভাবে বলতে পারে—দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি ফেরার সাহস করছেন। ফলে রাজনৈতিক উদ্দেশ্যে বিচার হচ্ছে অজুহাতে তাঁকে ফেরত না দেওয়ার যে যুক্তি এত দিন করা হচ্ছিল, তা আর গ্রহণযোগ্য থাকবে না।"
সবশেষে ড. আসিফ নজরুল লেখেন, "শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।"















