রাজনীতি
অস্থিরতা বাড়ার আগেই শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

পোশাক খাতে ক্ষয়ক্ষতি ও অস্থিরতা আরও বাড়ার আগেই শ্রমিকদের দাবি সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন কাঠামো পুনর্বিন্যাসের তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলন করছেন শ্রমিকেরা। এর মধ্যে অনেক কারখানা বন্ধ রয়েছে। কোথাও কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে এবং অস্থিরতা সৃষ্টির সুযোগ না দিয়ে সরকারকে দ্রুত দায়িত্ব পালন করতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আগেই বেতন কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন ছিল।
শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু এটাও ঠিক যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’
একই সঙ্গে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানান শফিকুর রহমান। তাঁদের ন্যায্য অধিকারের পক্ষে থাকার কথা জানিয়ে মালিকদের প্রতি শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার অনুরোধ করেন তিনি।
ভিডিও বার্তায় গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় নিন্দা জানান জামায়াত আমির। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
পোশাকশিল্পে বড় ধরনের বিপর্যয় দেশের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলে সতর্ক করেন শফিকুর রহমান। পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হতে পারে। সে ক্ষেত্রে জানুয়ারিতে শ্রমিকেরা বর্ধিত বেতন পাবেন।







