রাজনীতি
শ্রমিকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করে কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের উসকানি দিয়ে শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সারা দেশের চিংড়িঘের নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাঁদের উত্থাপিত দাবি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের আলোচনা এবং দর-কষাকষির মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে যাবে।
তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর প্রায় সব নেতা এবং মালিকপক্ষের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। এসব আলোচনায় অংশগ্রহণকারীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান তিনি। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক মজুরি নির্ধারণের বিষয়টি বোর্ডে আলোচিত হবে।
সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সঙ্গে শ্রমিকদের দাবির সম্পর্ক নেই বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, কোনো কোনো মহল রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বন্ধ কারখানা চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিছু কারখানা বন্ধ রয়েছে এবং শ্রমিকেরা সড়কে অবস্থান করছেন। কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তবে হামলা বা উসকানির মাধ্যমে কেউ কারখানা বন্ধ রাখার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা ও সমাধানের সুযোগ রয়েছে। এ অবস্থায় উৎপাদন ব্যাহত করা কিংবা শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির যৌক্তিকতা নেই। সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা হবে।
শ্রমিকদের স্বার্থ রক্ষা ও কারখানায় উৎপাদন অব্যাহত রাখা—দুই বিষয়ই সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে কেউ যেন রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।







