সাধারণ

সাগরে নোঙরকৃত জাহাজে হার্ট অ্যাটাক, ৯৯৯ নম্বরে ফোনকলে ‘ক্রু’ উদ্ধার

Md. Masum Pervesসিটিজেন জার্নালিস্ট (Verified)১০ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পার্কিরচর নিকটবর্তী বঙ্গোপসাগরে নোঙরকৃত ‘বসুন্ধরা অয়েল এন্ড গ্যাস-০১’ নামক লাইটার জাহাজ থেকে মোঃ আরাফাত হোসেন নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। তিনি জানান কক্সবাজার কুতুবদিয়া থেকে চট্টগ্রামের ৯ নং ইস্টার্ন রিফাইনারী ঘাটে যাওয়ার পথে তাদের জাহাজের একজন ‘ক্রু’ তীব্র বুকব্যাথায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কলার দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ নম্বরে ফোন করে অনুরোধ জানান।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোন কন্ট্রোলরুমকে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল রিফাত ইসলাম এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্ট কোস্টগার্ড ও নৌবাহিনীর সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই মোঃ ফকরুল আহামেদ।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের ‘বিসিজিএস তানভীর’ উদ্ধারকারী টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌছে গুরুতর অসুস্থ মোঃ মঈন উদ্দিন (৪২)-কে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের উদ্দেশ্যে চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে নিরাপদে নামিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ ‘ক্রু’ মোঃ মঈন উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর