সংস্কৃতি

গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে নড়াইলে নারীদের নৌকাবাইচ: চ্যাম্পিয়ন মুক্তা অধিকারী

Desk Reportকন্ট্রিবিউটর৯ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচে এবার বৈঠা হাতে প্রতিযোগিতায় নেমেছেন নারীরা। নড়াইল সদর উপজেলার হাতিয়াড়ায় অনুষ্ঠিত জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতায় ১৬টি নৌকার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারী।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন হাতিয়াড়া গ্রামের ববিতা সরকার। তৃতীয় স্থান অর্জন করেন রীনা বিশ্বাস এবং চতুর্থ হন মালিয়াট গ্রামের চম্পা গোস্বামী।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলি ও মাহমুদা হাবিবা, পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস এবং অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং নৌকাবাইচে নারীদের অংশগ্রহণ উৎসাহিত করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও জানান, গ্রামীণ পর্যটন ও লোকজ সংস্কৃতির বিকাশে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করার পরিকল্পনা রয়েছে পর্যটন করপোরেশনের। পাশাপাশি জারি, সারি ও মুর্শিদীসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী গান ও সংস্কৃতির প্রসারেও উদ্যোগ নেওয়া হবে।

নারীদের নৌকাবাইচে অংশগ্রহণকে আনন্দের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নারীদের অংশগ্রহণের নতুন ক্ষেত্র তৈরি হবে।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর