অর্থনীতি

করদাতাদের উৎসাহিত করতে সম্মাননা চালু করছে রাজশাহী সিটি কর্পোরেশন

Sohagকন্ট্রিবিউটর৯ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

আগামী বছর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হবে। নিয়মিত কর প্রদানকারীদের উৎসাহিত ও মূল্যায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগর ভবনের সিটি হলরুমে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

সভায় রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন তিনি। সিটি কর্পোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে হবে। যারা নিয়মিত কর প্রদান করছেন, তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার অংশ হিসেবে আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নগরবাসীকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

মতবিনিময় সভায় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম, রাজস্ব আদায় বৃদ্ধি, বকেয়া কর আদায় এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ। এ সময় রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর