রাজনীতি

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা যাচাই করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Desk Reportকন্ট্রিবিউটর৯ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনিও শুনেছেন। তবে আবেদনের বিষয়টি এখনো যাচাই করা সম্ভব হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

তিনি বলেন, আবেদনটির আইনগত ভিত্তি কী, এটি যথাযথভাবে করা হয়েছে কি না এবং শেখ হাসিনার এমন আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে।

এদিকে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত শক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বাস ও স্থাপনায় হামলা চালাচ্ছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে এবং হামলা প্রতিহত করছে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদনটি পাঠান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর এই প্রথম বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য তাঁর আবেদনের খবর সামনে এল।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর