রাজনীতি

নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আবেদন: রয়টার্স

Desk Reportকন্ট্রিবিউটর৯ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়ে এ আবেদন করেন হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা। চিঠিটি পর্যালোচনা করেই এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি।

চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন আইনজীবীরা।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার এটিই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে দাবি করেছে রয়টার্স।

তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন। গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তাঁকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের প্রয়োজন নেই। এ ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।

এরপর গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে সরকার। এ বিষয়ে ভারত সরকারের সহযোগিতা পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

এদিকে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় তাঁদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভারতে অবস্থানকালে বিভিন্ন সময়ে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর