আইনশৃঙ্খলা
সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের সংসারের ইতি, স্বামীর পা ধরে কেঁদেও ঠেকাতে পারলেন না স্ত্রী

সাত বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটেছে সন্তান না হওয়ার বিষয়কে কেন্দ্র করে। সংসার টিকিয়ে রাখতে স্থানীয় সালিসে স্বামীর পা ধরে কান্নাকাটি করে বিচ্ছেদ না দেওয়ার অনুরোধ জানান স্ত্রী। তবে স্ত্রীর আকুতিতেও সিদ্ধান্ত পরিবর্তন করেননি স্বামী রনি খান। শেষ পর্যন্ত তাকে তালাক দেন তিনি।
সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে স্থানীয় সালিসে স্বামীর কাছে সংসার না ভাঙার জন্য বারবার অনুরোধ করতে দেখা যায় ওই গৃহবধূকে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বরিশালের হিজলা উপজেলার একটি গ্রামে স্থানীয়ভাবে সালিসের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রায় সাত বছর আগে হিজলা উপজেলার ওই নারীর সঙ্গে মেহেন্দীগঞ্জ উপজেলার রনি খানের পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে রনি ও তার পরিবারের সদস্যরা নরসিংদীর মাধবদী উপজেলায় বসবাস করেন। সেখানে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন রনি।
রনি খানের ভাষ্য অনুযায়ী, বিয়ের পর সন্তান নেওয়ার জন্য তারা দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েছেন। চিকিৎসার একপর্যায়ে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী কখনো মা হতে পারবেন না। এ কারণে স্ত্রীর সঙ্গে আর সংসার করতে চাননি তিনি।
ওই গৃহবধূর ভাই জানান, সালিসে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা রনিকে বুঝিয়ে সংসারটি টিকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু কোনো অনুরোধেই তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি।
সালিসে উপস্থিত স্থানীয় সমাজসেবক সেলিম রাঢ়ী বলেন, তারা সবাই মিলে দাম্পত্য সম্পর্কটি বজায় রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু সন্তান না হওয়ার বিষয়টি উল্লেখ করে রনি স্ত্রীকে তালাক দেন। এ সময় দেনমোহরের ১ লাখ ৮০ হাজার টাকাসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
হিজলা থানার উপপরিদর্শক (এসআই) আলী আজগর জানান, সন্তান না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনায় ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। পরে তিনি দুই পক্ষকে নিয়ে সংসার টিকিয়ে রাখার উদ্যোগ নেন। তবে শেষ পর্যন্ত তাঁদের দাম্পত্য সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি।















