আইনশৃঙ্খলা

মুন্সিগঞ্জে গোপনে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে ইমাম গ্রেপ্তার

Desk Reportকন্ট্রিবিউটর২ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে এক নারীর ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে নূর আলম শেখ (৩২) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শ্রীনগরের একটি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পুলিশ। সোমবার (২ নভেম্বর) জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নূর আলম প্রায় দেড় বছর ধরে টংগিবাড়ীর একটি জামে মসজিদে ইমামতি করছিলেন। পাশাপাশি এক শিশুকে বাড়িতে গিয়ে ধর্মীয় শিক্ষা দিতেন। সেই সূত্রে শিশুটির মায়ের সঙ্গে তাঁর পরিচয় ও পরে সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই নারীর অজান্তে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন তিনি।

বিষয়টি জানাজানি হওয়ার পর মসজিদ কমিটি নূর আলমকে ইমামতির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তিনি এলাকা ছেড়ে যাওয়ার পরও ওই নারীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ অনুযায়ী, ধারণ করা ভিডিও অনলাইনে ওই নারীর পরিবারের এক সদস্যের কাছে পাঠান নূর আলম। এরপর সেটিকে ব্যবহার করে ওই নারীকে তাঁর সঙ্গে দেখা করতে চাপ দেন।

জেলা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশে অভিযান চালিয়ে নূর আলমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।

এ বিষয়ে আরও খবর