আইনশৃঙ্খলা
এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। একই সঙ্গে এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
ফারুক আহমেদ ১৭তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
চলতি বছরের ৪ জুন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পান তিনি। পরে ৭ জুলাই তাঁকে হাইওয়ে পুলিশের দায়িত্ব দেওয়া হয়।
কর্মজীবনে ফারুক আহমেদ দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার এবং অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন।







