আইনশৃঙ্খলা
মুন্সীগঞ্জে ১৪ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের মুক্তারপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা এবং একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
সোমবার (০২ নভেম্বর ২০২৬) গভীর রাতে মুক্তারপুর টোলগামগামী রাস্তার এশিয়া মিলের সামনে এ অভিযান পরিচালিত হয়।
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান পিপিএম এবং এএসআই (নিঃ) দীপক কুমার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর এলাকায় অবস্থান নেন। রাত আনুমানিক ২টার সময় এশিয়া মিলের সামনের পাকা রাস্তায় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মাদক পরিবহনে ব্যবহৃত নেভিব্লু রঙের পিকআপ ভ্যানটি (রেজিস্ট্রেশন নম্বর: কুমিল্লা ন-১১-০৭৭৪) থেকে খাকি স্কচটেপে মোড়ানো ৩টি পোটলায় মোট ১৪ কেজি (৫+৫+৪) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মোঃ এনামুল হক (২৩), পিতা- মোঃ ইদন মিয়া এবং মোঃ শাহিন হাসান (২২), পিতা- মোঃ শাহ আলম উভয়কে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ৬নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া এলাকায়।
উদ্ধারকৃত মাদক ও পিকআপ জব্দ করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে যে মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।







