আইনশৃঙ্খলা

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত ইমন গ্রেপ্তার, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪

Desk Reportকন্ট্রিবিউটর১০ নভেম্বর ২০২৬ · ২ মিনিটের পড়াRead in English

কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে গেলেও মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, ঘটনার পর শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে ইমনকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে রয়েছেন। দুই ভাইয়ের মধ্যে ইমন ছোট।

এর আগে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটে শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে এক কিশোর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এতে শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে সে আশঙ্কামুক্ত।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হামলায় জড়িত কিশোরকে শনাক্ত করে পুলিশ। তবে হামলার পর ইমন পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায়। তাদের বাড়িতে বাইরে থেকে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়েও কাউকে পায়নি। পরে একাধিক দলের অভিযান ও নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছিল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে আরও কিছুটা সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলা হবে। এর মাধ্যমে হামলার পেছনের কারণ জানার চেষ্টা করা হবে।

এদিকে, স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হলে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর পৌরসভার পুকুরপাড়, জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালানো হয়। প্রায় এক ঘণ্টার অভিযানে ১৪ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর