আইনশৃঙ্খলা
চৌদ্দগ্রামে দুই শিশুকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাওলানা কবির হোসেন নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।
কাশিনগর বাজারের একটি হাফেজি মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
স্থানীয় সূত্র জানায়, রোববার শিক্ষার্থী দুজন স্বজনদের কাছে নির্যাতনের অভিযোগ জানায়। এরপর পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে ঘটনার বিষয়ে জানতে চান।
স্বজনদের দাবি, তাঁদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই শিক্ষক অভিযোগের বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, শিশু শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়ে আরও তদন্ত চলছে।







