আইনশৃঙ্খলা

শেরপুরের নকলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, ৩১ সপ্তাহের অন্তঃসত্ত্বা; ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

Arabia Tanzil Nishiকন্ট্রিবিউটর১০ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

শেরপুরের নকলা উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবার দাবি, বর্তমানে ওই কিশোরী ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত মো. উসমান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাড়ির উত্তর দুয়ারী চৌচালা টিনের ঘরের ভেতরে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি মো. উসমান মিয়া (৬০) একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। মামলা দায়েরের পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর বাবা জানান, তার ১৩ বছর বয়সী মেয়ে বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা। তাদের বাড়ি নকলা উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৩ বছর বয়সী একজন কিশোরীর সঙ্গে এমন অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগীর নিরাপত্তা এবং তার প্রয়োজনীয় চিকিৎসা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর