আইনশৃঙ্খলা
গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযান, ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

গাইবান্ধা পৌরসভার সবুজপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সবুজপাড়া এলাকার মৃত মনতাজ মিয়ার ছেলে বাবু মিয়া (২৫) এবং কুঠিপাড়া এলাকার রাব্বি মিয়ার ছেলে শাহজালাল (৩৮)। উভয়ের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বাবু মিয়ার পাকা বসতবাড়ির পশ্চিমমুখী কক্ষ থেকে দুজনকে আটক করা হয়। পরে বাবু মিয়ার পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো কমলা রঙের ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটকের সময় দুজন ইয়াবা সেবন করছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু মিয়া ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা এবং শাহজালাল ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১৮ অক্টোবর ২০২৬ তারিখে ২৯ নম্বরে নথিভুক্ত হয়।















