বিশ্ব
বাংলাদেশের শ্রমিক বিক্ষোভে নজর রাখছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশে চলমান পোশাকশ্রমিকদের বিক্ষোভসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ভারত পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়সওয়াল।
বাংলাদেশের শ্রমিক বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, দেশটির বিভিন্ন ঘটনাপ্রবাহ ভারত অনুসরণ করছে। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নয়াদিল্লির প্রত্যাশা হলো ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা বজায় রাখা।
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন রয়েছে। পানিসম্পদসংক্রান্ত আলোচনা সেই কাঠামোর মাধ্যমেই এগোবে।
উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ প্রসঙ্গে ভারতের মুখপাত্র জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা গণমাধ্যমকে জানানো হবে।
ব্রিফিংয়ে ঢাকায় এনসিপির সাম্প্রতিক প্রতিবাদ সমাবেশে ভারতবিরোধী স্লোগান দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, এসব ঘটনাপ্রবাহের ওপরও নজর রাখছে ভারত।
আরেক সাংবাদিক বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা এবং জামায়াত ও আওয়ামী লীগকে ঘিরে ওঠা অভিযোগ সম্পর্কে ভারতের অবস্থান জানতে চান। এ প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি জয়সওয়াল।







