বিশ্ব
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত: শুভেন্দু অধিকারী

নতুন ব্যবস্থায় পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগের জন্য আর আলাদা কোনো কমিশন থাকবে না। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই মাদ্রাসার শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সমন্বয় আনা এবং নিয়োগ প্রক্রিয়াকে আরও সুসংহত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময়ে অনিয়মের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষক নিয়োগকে অভিন্ন কাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে রাজ্যজুড়ে মাদ্রাসাগুলোর কার্যক্রম ও অবকাঠামো নিয়ে একটি সমীক্ষা চালায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। সমীক্ষায় প্রতিষ্ঠানগুলোর অনুমোদন, অবকাঠামো, পরিচালন ব্যবস্থা এবং অন্যান্য বিষয় খতিয়ে দেখা হয়।
সমীক্ষার পর গত মাসে পশ্চিমবঙ্গ সরকার ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় অবস্থিত।
সরকারি সূত্র অনুযায়ী, অনুমোদন ও অবকাঠামোগত বিভিন্ন ঘাটতির বিষয়ও এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে পর্যালোচনায় এসেছে। রাজ্যের সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলোর সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের অংশ হিসেবেই এই সমীক্ষা চালানো হয়েছিল।
বিশেষভাবে নজর দেওয়া হয় ‘খারিজি’ মাদ্রাসাগুলোর ওপর। সাধারণত এসব প্রতিষ্ঠান সরকারি অর্থায়নের বাইরে থেকে পরিচালিত হয় এবং জনসাধারণের অনুদান, দাতব্য সংস্থা বা ট্রাস্টের অর্থের ওপর নির্ভর করে।
মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে স্কুল সার্ভিস কমিশনের অধীনে নিয়োগের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।







