মতামত

কুড়িগ্রামে হোটেলে কাজ করেও জিপিএ-৫, প্রশংসায় ভাসছে বিশাল

MG Rabbul Islamকন্ট্রিবিউটর৪ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

সংসারের অভাব ঘোচাতে কখনো খাবার হোটেলে কর্মচারী, কখনো দিনমজুর, আবার কখনো টিউশনি করেছেন। শত প্রতিকূলতার মধ্যেও থেমে যায়নি পড়াশোনা। সেই সংগ্রামের স্বীকৃতি হিসেবে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ অর্জন করেছেন কুড়িগ্রামের বিশাল সরকার কৌশিক।

বিশাল কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নে। জরাজীর্ণ তিনটি চালাঘরে বসবাস পরিবারের। বাবা সুকুমার সরকার অসুস্থ, মা কণা রানী একটি কিন্ডারগার্টেন স্কুলে আয়ার কাজ করেন। সামান্য আয়ে চলে পাঁচ সদস্যের সংসার।

এর আগে এসএসসি পরীক্ষাতেও সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ পেয়েছিলেন বিশাল। পড়াশোনার খরচ জোগাতে তাকে হোটেলে কাজ, দিনমজুরি ও টিউশনি করতে হয়েছে। কখনো অর্থাভাবে স্কুল-কলেজে যাওয়া হয়নি, কখনো দিন কেটেছে না খেয়েও। তবু পড়াশোনা ছাড়েননি তিনি।

বিশালের স্বপ্ন চিকিৎসক হওয়া। কিন্তু পরিবারের ঋণের বোঝা ও চরম আর্থিক সংকটে উচ্চশিক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার মা জানান, সংসার চালানো ও ঋণের কিস্তি পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে। ছেলের পড়াশোনার খরচ বহন করার সামর্থ্য তাদের নেই।

বিশালের শিক্ষক ও স্থানীয়রা জানান, সে অত্যন্ত মেধাবী। প্রয়োজনীয় সহযোগিতা পেলে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে।

মেধা ও অদম্য ইচ্ছাশক্তিতে সাফল্য অর্জন করা বিশালের এখন প্রয়োজন উচ্চশিক্ষার সুযোগ। চিকিৎসক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

এ বিষয়ে আরও খবর