মতামত

কুড়িগ্রামে দূর্যোগ মোকাবেলায় সবসময় পাশে থাকবে রেডক্রিসেন্ট

MG Rabbul Islamকন্ট্রিবিউটর২৫ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

কুড়িগ্রামে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নদীভাঙন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মানবিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন কমিটির নেতারা।

রোববার (২৫ অক্টোবর) সকালে কুড়িগ্রাম শহরের দাদা মোড় এলাকায় রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।

সভায় বক্তারা বলেন, কুড়িগ্রাম একটি নদীমাতৃক ও দুর্যোগপ্রবণ জেলা। এ অঞ্চলের মানুষকে প্রায়ই নদীভাঙন, বন্যা ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে জীবনযাপন করতে হয়। বিশেষ করে চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। দুর্যোগকালীন সময়ে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দিতে রেডক্রিসেন্ট সোসাইটিকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, মানবিক সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে দুর্গম চরাঞ্চলসহ জেলার প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।

সভায় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কুড়িগ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে গতিশীলতা আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সহসভাপতি শামসুল ইসলাম মন্ডল, সদস্য অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জহুরুল আলম, কফিল উদ্দিন, হাসান যোবায়ের হিমেল, ইকবাল হোসেন চাঁদ, রেশমা সুলতানা, হেদায়েত হোসেন এলিচ এবং যুব রেডক্রিসেন্টের সদস্য ইকবাল রাব্বি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ইউনিট কার্যালয়ের অফিস কর্মকর্তা বায়োজিদ হোসেন।

সভায় রেডক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আরও খবর