মতামত

মানবাধিকার ও মানবতার ঊর্ধ্বে নয় সার্বভৌমত্ব কিংবা রাষ্ট্রীয় আইন: প্রধান বিচারপতি

Desk Reportকন্ট্রিবিউটর৩০ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

মানুষের মৌলিক অধিকার ও মানবতার ওপর সার্বভৌমত্ব কিংবা রাষ্ট্রীয় আইনকে স্থান দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, সার্বভৌমত্বের ধারণার সঙ্গে এখন বৈশ্বিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় অংশ নেওয়ার দায়িত্বও যুক্ত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।

প্রধান বিচারপতি বলেন, বিশ্বের নানা সংকট এখন আর কোনো একটি দেশের ভৌগোলিক সীমানায় আটকে থাকে না। এ বাস্তবতায় সার্বভৌমত্বের প্রচলিত কঠোর ধারণা চ্যালেঞ্জের মুখে পড়ছে। রাষ্ট্রের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার দায়িত্বও তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিভিন্ন অঞ্চল ও পেশার মানুষের মধ্যে গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা বিনিময়ে সম্মেলনটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, মানবিক মর্যাদা সুরক্ষা এবং ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আইনের ভূমিকা নিয়ে আলোচনা জরুরি।

সম্মেলন থেকে বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর রূপরেখা পাওয়া যাবে বলে প্রত্যাশা করেন প্রধান বিচারপতি। সার্বভৌমত্ব, মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও আইনের শাসন নিয়ে নতুন গবেষণায়ও এ আয়োজন উৎসাহ জোগাবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, সার্বভৌমত্ব, মানবতা ও আইন পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিশ্বায়ন, সশস্ত্র সংঘাত, প্রযুক্তির বিকাশ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও বৈষম্যের মতো বিষয়গুলো নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

এসব চ্যালেঞ্জের উপযোগী আইনি ও প্রাতিষ্ঠানিক সমাধান খুঁজতে অ্যাকাডেমিক আলোচনা এবং আন্তবিভাগীয় গবেষণার ওপর গুরুত্ব দেন উপাচার্য।

আয়োজকদের সূচি অনুযায়ী, সম্মেলনের চারটি অ্যাকাডেমিক সেশনে মোট ১২৪টি গবেষণাপত্র উপস্থাপনের কথা রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ড. বেগম আসমা সিদ্দীকা। ধন্যবাদ জানান আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জু। সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী এস এম রিদওয়ান জুনায়েদ ও তাসনিম তাইয়েবা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুল আলিম ও অধ্যাপক মামুনুর রশীদসহ শিক্ষক, গবেষক, বিচারক, আইনজীবী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আরও খবর