মতামত
বিশৃঙ্খলা না থামলে কারখানা চালু রাখতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি

পোশাক খাতে চলমান বিশৃঙ্খলা ও কারখানা ভাঙচুর বন্ধ না হলে মালিকরা কারখানা চালু রাখতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। পরিস্থিতি নিয়ে শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি।
মাহমুদ হাসান খান বলেন, উদ্যোক্তারা প্রতিদিন কারখানা পরিচালনা করতে চান। কারখানা চালু রাখার উদ্দেশ্যেই তাঁরা বিনিয়োগ করেছেন। তবে কাজের উপযুক্ত পরিবেশ না থাকলে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয়।
শ্রমিকদের মজুরির প্রসঙ্গে তিনি জানান, ন্যূনতম মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে। বিষয়টি আগেই শ্রমিকদের জানানো হয়েছিল।
চলমান পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাঁদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।
তাঁর ভাষ্য, বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা পরিচালনায় আগ্রহী নন—এমন বার্তা দিয়েছেন মালিকরা। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিজিএমইএ।
এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকাসহ একাধিক দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা।







