রাজনীতি
শেখ হাসিনাসহ দণ্ডিত পলাতকদের সম্পত্তি বিক্রির অর্থ জুলাই নিহতদের পরিবারকে দিতে চিঠি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন দণ্ডিত আসামির সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থের অর্ধেক জুলাই–আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারকে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি জানান, এদিনই চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিহতদের পরিবারকে দেওয়ার নির্দেশনা রয়েছে। সংশ্লিষ্ট আসামিরা নির্ধারিত ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। এ কারণে তাঁরা আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আমিনুল ইসলাম আরও বলেন, পলাতক আসামিরা তাঁদের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। সে জন্য সম্পত্তিগুলো সরকারের হেফাজতে নেওয়ার বিষয়েও চিঠিতে বলা হবে।







