রাজনীতি

জনগণের ওপর স্বৈরশাসন চাপাতে চায় সরকার: শফিকুর রহমান

Desk Reportকন্ট্রিবিউটর৩১ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

সরকার জনগণের রায় উপেক্ষা করে তাঁদের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। ঢাকা–খুলনা–কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে এ পথসভা অনুষ্ঠিত হয়।

শফিকুর রহমান অভিযোগ করেন, জনগণ ভোটের মাধ্যমে মতামত জানালেও সরকার তা মানছে না। তাঁর ভাষ্য, সরকার জনগণকে অপমান করছে এবং প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে প্রতারণা ও মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে। এসব কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।

সাত দফার প্রথম দাবি গণভোটের রায় বাস্তবায়ন উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জনগণ পাশে থাকলে দাবিগুলো আদায় করা হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান তিনি।

আন্দোলনে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, যে জাতি খালি হাতে গুলির মুখে দাঁড়িয়েছে, সেই জাতি অন্যায়ের কাছে মাথা নত করবে না।

পথসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দিন আহমদসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ–তেল–গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি–চাঁদাবাজি–দখলদারত্বের অবসান। এসব দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করছে জোটটি।

এ বিষয়ে আরও খবর