রাজনীতি
নদীতে পানি না এলে ভারতীয় পণ্যও আসবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশের নদীতে পানির ন্যায্য প্রবাহ নিশ্চিত না হলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিটের বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচার নিয়েও আপত্তি জানিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে সম্মেলনটির আয়োজন করে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।
আগামী ডিসেম্বরে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, বাংলাদেশে পানি না এলে ভারতীয় পণ্যও আসবে না। সে ক্ষেত্রে করিডর ও ট্রানজিটের সুযোগ এবং ভারতীয় চ্যানেল সম্প্রচারের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার কথা জানান তিনি।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কথা স্মরণ করে নাহিদ বলেন, প্রয়োজন হলে তাঁরা আবারও লংমার্চ করতে প্রস্তুত রয়েছেন।
সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার সমালোচনা করে এনসিপির আহ্বায়ক দাবি করেন, ঋণ পেতে সরকার বিভিন্ন দেশের কাছে গেলেও প্রত্যাশিত সাড়া পাচ্ছে না। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে হওয়া চুক্তির বিষয়বস্তু জনগণের সামনে প্রকাশের দাবি জানান তিনি।
নাহিদ বলেন, এসব চুক্তির মাধ্যমে ভারতকে কোনো অবৈধ করিডর বা ট্রানজিট সুবিধা দেওয়ার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।
সংবিধান সংশোধন কমিটির আলোচনায় অংশ নেওয়ার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগেই সংস্কার নিয়ে আলোচনা শেষ হয়েছে। এখন নতুন করে আলোচনা নয়, সিদ্ধান্ত বাস্তবায়নের সময়।
অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানান নাহিদ। অন্যথায় জনগণ ও বিরোধী দল তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
চলমান শ্রমিক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নাহিদ বলেন, শ্রমিকেরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করছেন। সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়লেও শ্রমিক ও বেসরকারি চাকরিজীবীরা একই সুবিধা পাননি বলে অভিযোগ করেন তিনি। এ বৈষম্য দূর করে দ্রুত শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি জানান এনসিপির আহ্বায়ক।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব ফরহাদ সোহেল।







