রাজনীতি
ক্রসফায়ারে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সঙ্গে সরকারের অবস্থানের মিল নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু সহ্য করবে না। ক্রসফায়ারের ক্ষেত্রে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে আইজিপি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন। তাঁর ভাষায়, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’
এর আগে সোমবার পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে। পুলিশের বলপ্রয়োগ ও নিষ্ক্রিয়তা নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে বাহিনীকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার আহ্বানও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, সরকার ক্রসফায়ার চায় না এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুযোগ দেবে না। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানান তিনি।
আইনের শাসন প্রতিষ্ঠাকে সরকারের প্রধান লক্ষ্য এবং আইনশৃঙ্খলার উন্নয়নকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, বর্তমান সরকারের সময়ে এখন পর্যন্ত ক্রসফায়ারে কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
একই দিন দুপুরে নয়াপল্টনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিনা মূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনকালে আইজিপির বক্তব্যের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি মন্তব্য করেন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করা বিএনপির সরকারের সময়ে পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা সরকারের জন্য বিব্রতকর।
আইজিপির বক্তব্যের পর জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনও সমালোচনা করে।
এর মধ্যে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এক ব্যাখ্যায় দাবি করে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কঠোরতা বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়েছে বলে জানায় পুলিশ সদর দপ্তর।







