রাজনীতি

স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ায় জামায়াত নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত

Desk Reportকন্ট্রিবিউটর৩ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর মো. শহীদুল্লাহর (৪৬) রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখা। সোমবার সন্ধ্যায় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শহীদুল্লাহ নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন বা শপথের সদস্য ছিলেন। তিনি স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে মহানগর জামায়াত জরুরি সভা ডাকে।

মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটির বিষয়ে শহীদুল্লাহর বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। তিনি এটিকে ব্যক্তিগত ভিডিও বলে দাবি করেছেন। তবে দলীয়ভাবে বিষয়টিকে নৈতিক স্খলন হিসেবে বিবেচনা করে তাঁর রুকনিয়াত সাময়িক স্থগিত করা হয়েছে।

অন্যদিকে শহীদুল্লাহর দাবি, ভিডিওটি তাঁর স্ত্রীর সঙ্গে ধারণ করা একান্ত ব্যক্তিগত মুহূর্তের। অজ্ঞাতপরিচয় কেউ শত্রুতাবশত তাঁর মোবাইল ফোন থেকে ভিডিওটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে।

ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আগেই তাঁর কাছে বড় অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শহীদুল্লাহ।

এ বিষয়ে আরও খবর