সাধারণ

এইচএসসিতে এক–দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

Desk Reportকন্ট্রিবিউটর৫ নভেম্বর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইলে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

পাসের হারে এগিয়ে রয়েছেন ছাত্রীরা। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন; পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। অন্যদিকে ছাত্রদের মধ্যে পাস করেছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন; পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

তবে জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্ররা এগিয়ে। এবার মোট ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পেয়েছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। অর্থাৎ এবার এ সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।

এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করেননি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ২০২টি। ফলে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সূচিতে লিখিত পরীক্ষা ৮ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা পিছিয়ে যায়। স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার পর ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এ বিষয়ে আরও খবর