আইনশৃঙ্খলা

শাকিল হত্যা মামলায় এমপিপুত্র মিন্টুর আরও সাত দিনের রিমান্ড আবেদন

Desk Reportকন্ট্রিবিউটর৩০ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে আরও সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর তাঁকে আদালতে হাজির করে এ আবেদন করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে আবেদনটি উপস্থাপন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির উপপরিদর্শক শফিকুল ইসলাম। এদিন শুনানি না হওয়ায় মিন্টুকে কারাগারে পাঠানো হয়। আগামী রোববার রিমান্ড আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

শফিকুল ইসলাম জানান, গত ২৬ অক্টোবর রাতে মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই মেয়াদ শেষে আরও জিজ্ঞাসাবাদের জন্য নতুন আবেদন করা হয়েছে।

এদিকে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে আল আমিন ও আনিসুর রহমান নামে আরও দুজনকে আটক করেছে পুলিশ।

গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শাকিল। হেলমেট পরা হামলাকারীরা তাঁকে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত শাকিলকে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে আরও খবর