আইনশৃঙ্খলা
পাবনায় জোড়া হত্যাকাণ্ড: ঘটনার এক দিনের মধ্যে মামলার ৯ নম্বর আসামি গ্রেপ্তার

পাবনার আতাইকুলায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার ৯ নম্বর আসামি মোঃ মুছা (২৬) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। হত্যাকাণ্ডের এক দিনের মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ নভেম্বর) ভোর ৬টা ২০ মিনিটে আতাইকুলা থানার পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এসআরবি-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার।
গ্রেপ্তার মুছা আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে আতাইকুলার পুষ্পপাড়া হাটের কার্যক্রম শেষে অস্থায়ী হাট অফিসে বসে খাবার খাচ্ছিলেন হাটের ইজারাদার আব্দুস সালাম (৫৬) ও তার সহযোগী রিপন হোসেন (২৬)। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রিপন হোসেনের ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তার মুছাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।







