সাধারণ

সুন্দরবনে দুবলার চরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

Md. Asaduzzaman Milonকন্ট্রিবিউটর৭ নভেম্বর ২০২৬ · ২ মিনিটের পড়াRead in English

পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রবল ঢেউয়ের স্রোতে ভেসে রিয়াজ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোল শুঁটকি পল্লি সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে একাধিক সূত্র নিশ্চিত করেছে ।

নিখোঁজের খবর পেয়ে কোস্ট গার্ড, বন বিভাগ ও স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে শুক্রবার রাত ১০ টা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো খোঁজ মেলেনি। আজ শনিবার সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে ‘ইকোট্যুরিজম’ নামের একটি পর্যটকবাহী লঞ্চ ২০ জন পর্যটক নিয়ে হিরণ পয়েন্ট ও নীলকমল এলাকা ঘুরে আলোরকোলে পৌঁছায়। পরে লঞ্চ থেকে ট্রলারে করে পর্যটকেরা আলোরকোল চরে নামেন। এ সময় তিনজন পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে সাগরের প্রবল ঢেউ ও স্রোতে রিয়াজ ভেসে গিয়ে নিখোঁজ হন।

ঘটনাটি টের পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

আলোরকোল শুঁটকি পল্লির রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী ও সাধারণ সম্পাদক মো. জাকির শেখ জানান, নীলকমল এলাকা থেকে আসা পর্যটকবাহী লঞ্চটি আলোরকোলের কাছাকাছি সাগরে নোঙর করে। পরে পর্যটকেরা ট্রলারে চরে আসেন। তাদের মধ্যে তিনজন গোসল করতে নেমে সাঁতার কাটার সময় একজন প্রবল ঢেউয়ের তোড়ে সাগরে তলিয়ে যান। খবর পেয়ে জেলেরা উদ্ধার তৎপরতা চালালেও তাকে পাওয়া যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান চলছে। তবে সাগরে উত্তাল ঢেউ ও রাতের অন্ধকারের কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, শুক্রবার সকালে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতি নিয়ে দুটি পর্যটকবাহী লঞ্চ দুবলার চরে যায়। লঞ্চ দুটিতে মোট ৩০ জন পর্যটক ছিলেন। তাদের একজন সাগরে নিখোঁজ হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে নিখোঁজ পর্যটক কোন লঞ্চের যাত্রী, তা নিশ্চিত হওয়া যায়নি। কোস্ট গার্ড ও বন বিভাগ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

এ বিষয়ে আরও খবর