সাধারণ
শেরপুর সদর হাসপাতালে নার্সের দায়িত্বে আয়া-বয়, সেবার মান নিয়ে প্রশ্ন

‘শেরপুর সদর হাসপাতাল নিজেই যেন আইসিইউতে রয়েছে’—এমন মন্তব্যের বাস্তব চিত্র এবার সামনে এসেছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের নার্সিং সেবা ও সার্বিক তদারকি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
অভিযোগ রয়েছে, হাসপাতালের ওয়ার্ডে দায়িত্ব পালনকারী নার্সদের পরিবর্তে আয়া ও বয়দের দিয়ে নার্সিংয়ের গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে। এমনকি একজন মুমূর্ষু রোগীর শরীরে ক্যানোলা স্থাপন ও ইনজেকশন প্রয়োগের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবাও দিতে দেখা গেছে ওয়ার্ডের আয়া-বয়দের।
একাডেমিকভাবে নার্সিং শিক্ষা না থাকলেও তাঁরা একজন প্রশিক্ষিত নার্সের মতো দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, দায়িত্বে থাকা নার্সদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও সামনে এসেছে।
প্রশ্ন উঠেছে, হাসপাতালের সার্বিক তদারকি ও জবাবদিহির কতটা ঘাটতি থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে? একজন মুমূর্ষু রোগীর চিকিৎসাসেবার মতো সংবেদনশীল দায়িত্ব কীভাবে প্রশিক্ষণবিহীন কর্মীদের হাতে যাচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
রোগীর জীবন রক্ষার জায়গায় দায়িত্বহীনতা কিংবা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। শেরপুর সদর হাসপাতালের এই পরিস্থিতির সুষ্ঠু তদন্ত এবং কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।















