আইনশৃঙ্খলা

মুন্সীগঞ্জে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড গুলিসহ যুবক গ্রেফতার

Md. Shafiqul Islam Bhuiyanকন্ট্রিবিউটর২৪ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দুলাল গাজী (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) জেলার সদর থানার হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা জুড়ে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে ২৪ অক্টোবর শনিবার মুন্সীগঞ্জ সদর থানার পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে হোগলাকান্দি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে পুলিশ সদস্যরা হোগলাকান্দি গ্রামের আওলাদ গাজীর ছেলে দুলাল গাজীকে তার নিজ ঘর থেকে আটক করে। পরবর্তীতে ঘরে তল্লাশি চালিয়ে বিছানার তোষকের নিচে লুকিয়ে রাখা পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড শর্টগানের কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়।

​এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গুলি কীভাবে আসামির কাছে এল এবং এর পেছনে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

​জেলা পুলিশ সূত্রে আরও জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে আরও খবর