সাধারণ
শরণখোলায় প্রতিবেশীর জমিতে পাতানো ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

আসাদুজ্জামান মিলন, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলায় ধানের ক্ষেতে কীটনাশক স্প্রে করতে গিয়ে প্রতিবেশীর পাতানো ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান হাওলাদার ওই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ ও আলামত হিসাবে ঐ বৈদ্যুতিক ফাঁদ টি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাদের জমির ইঁদুর নিধনের জন্য লোহার তারে বিদ্যুতের সংযোগ দিয়ে জমির আইলে ফাঁদ পেতে রেখেছিলেন। বুধবার দুপুরে মিজান হাওলাদার নিজের ধানখেতে কীটনাশক স্প্রে করতে যাচ্ছিলেন। নিজের জমিতে প্রবেশের সময় পাশের জমির আইলে পেতে রাখা ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।















