আইনশৃঙ্খলা
রাজশাহীতে ১০৩টি তাজা ককটেল উদ্ধার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসির একটি দল অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে।
এসআরবি জানায়— কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আল মুমেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি লিচু বাগানের পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের বস্তা সন্দেহজনকভাবে পড়ে আছে।
পরে অভিযান পরিচালনা করলে পরিত্যক্ত বস্তার মধ্যে ৬৪টি লাল স্কচটেপ টেপ মোড়ানো এবং ৩৯টি কালো স্কচটেপ মোড়ানো তাজা ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে নগরীর কাশিয়াডাঙা থানায় একটি জিডি করা হয়েছে।
ককটেলগুলো কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করেছে এসআরবি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিস্পোজাল ইউনিট এসে ককটেল গুলো ধ্বংস করবে বলে জানিয়েছে পুলিশ।







