রাজনীতি

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চার পদ হারালেন জামায়াত নেতা

Desk Reportকন্ট্রিবিউটর২৭ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ ইসমাইলকে চারটি সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে চান্দগাঁও থানা আমিরের পদও রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মহানগর সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে।

অভিযোগকারী সিঙ্গাপুরপ্রবাসীর দাবি, তাঁর স্ত্রীর সঙ্গে ইসমাইলের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে সরব হলে স্ত্রীর মাধ্যমে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ওই প্রবাসীর স্বজনেরা সম্পর্কের অভিযোগসংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথি মহানগর জামায়াতের কাছে জমা দেন। অভিযোগ নিয়ে পারিবারিক পর্যায়েও একাধিক বৈঠক হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

অভিযোগগুলো খতিয়ে দেখতে দলীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের পর গত ৭ অক্টোবর ইসমাইলকে চান্দগাঁও থানা আমিরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পরদিন তাঁর স্থলাভিষিক্ত হন অধ্যাপক জসিম উদ্দিন।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইসমাইল। তাঁর দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই এবং তিনি নির্দোষ।

এ বিষয়ে আরও খবর