আইনশৃঙ্খলা

শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

Desk Reportকন্ট্রিবিউটর২৭ অক্টোবর ২০২৬ · ১ মিনিটের পড়াRead in English

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর মায়ের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) গোবিন্দগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী।

মামলায় অভিযুক্ত করা হয়েছে একটি মাদরাসার শিক্ষক ফরিদুল ইসলাম এবং একই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মো. আবু সাইদ (৩৬) ও মোহন মাস্টারকে (৩৪)।

অভিযোগে ওই নারী জানান, সন্তানকে মাদরাসায় আনা-নেওয়ার সূত্রে শিক্ষক ফরিদুল ইসলামের সঙ্গে তাঁর পরিচয় ও যোগাযোগ হয়। একপর্যায়ে প্ররোচিত করে হোয়াটসঅ্যাপে তাঁর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন ফরিদুল। পরে সেগুলো আবু সাইদ ও মোহন মাস্টারের কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।

ওই নারীর ভাষ্য, গত ৯ অক্টোবর দুপুরে তাঁর মেয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তাঁকে মাদরাসায় ডাকা হয়। সেখানে গেলে আবু সাইদ ও মোহন মাস্টার ছবি ও ভিডিও দেখিয়ে টাকা দাবি করেন। টাকা না দিলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান তাঁরা।

অভিযোগে তিন লাখ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিনিময়ে ছবি ও ভিডিও মুছে ফেলতে বলা হলেও পরবর্তী সময়ে আরও টাকা দাবি করা হয় বলে জানান ওই নারী।

তিনি অভিযোগ করেন, গত ২৪ অক্টোবর বিকেলে ফোন করে আরও ৫২ হাজার টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে যাওয়ার সময় তাঁর স্বজন ও স্থানীয় লোকজন অভিযুক্তদের ধরার চেষ্টা করেন। এ সময় দুজন পালিয়ে যান এবং একজন ধরা পড়েন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ আলম জানিয়েছেন, ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযোগ তদন্তের পাশাপাশি অন্য দুই আসামিকে খুঁজছে পুলিশ।

এ বিষয়ে আরও খবর