সাধারণ
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৬ কোটি ৯৯ লাখ টাকার অবৈধ জাল জব্দ

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে চাঁদপুরে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার (১১ অক্টোবর) জেলার বিভিন্ন নদী ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়েছে।
নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ জাল এবং অন্যান্য ২২টি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
সরকারের নির্দেশনা অনুযায়ী, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এর ধারাবাহিকতায় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীন নৌবাহিনী কন্টিনজেন্ট চাঁদপুরের সদস্যরা জেলার আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লা ঘাট, চাঁদপুর মোহনা, গাজীর টেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ আশপাশের এলাকায় অভিযান চালান।
অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ করা জাল ধ্বংস করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন মৌসুমে দেশের সমুদ্র, উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নদ-নদীর গুরুত্বপূর্ণ প্রজননস্থলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নৌবাহিনীর জাহাজের পাশাপাশি বিভিন্ন কন্টিনজেন্ট ও বোট ব্যবহার করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো অবৈধ মৎস্য আহরণ বন্ধ করা এবং প্রজননকালীন সময়ে মা ইলিশের নির্বিঘ্ন বংশবিস্তার নিশ্চিত করা।
গত ৮ অক্টোবর শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি নির্ধারিত সামুদ্রিক মৎস্য আহরণ এলাকাতেও সব প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
নৌবাহিনীর এ অভিযান অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধ এবং দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসম্পদ সংরক্ষণের চলমান কার্যক্রমের অংশ। নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট প্রশাসন, মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টদের আশা, সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং নিয়মিত নজরদারি অব্যাহত থাকলে মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন হবে। এর ফলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।















