সাধারণ
সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে হত্যা, প্রধান আসামি ডিপটি গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে আজিজুল হক নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় প্রধান আসামি জসিজল হক ওরফে ডিপটি (৬৫) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ১৭ অক্টোবর ২০২৬ ভোরে পলাশবাড়ী উপজেলার পূর্ব নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিজল হক সাদুল্লাপুর উপজেলার ইসবপুর (পশ্চিম) গ্রামের মৃত আজিম উদ্দিন ও মৃত জমিলা বেগমের ছেলে। তিনি সাদুল্লাপুর থানায় দায়ের করা হত্যা মামলার এক নম্বর আসামি।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আজিজুল হকের পরিবারের সঙ্গে অভিযুক্তদের পরিবারের দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর দুপুর ১টার দিকে অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যরা বাঁশের লাঠি, ইটসহ দেশীয় অস্ত্র নিয়ে আজিজুল হকের বাড়ির আঙিনায় প্রবেশ করেন। সেখানে গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করলে আজিজুল হক ও তাঁর স্ত্রী শাপলা খাতুন (৩০) আপত্তি জানান।
এজাহারের অভিযোগ অনুযায়ী, এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আজিজুল হক ও তাঁর স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে প্রধান আসামি জসিজল হক তাঁর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আজিজুল হকের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় শাপলা খাতুনকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ অক্টোবর রাত ১০টা ৩৯ মিনিটে আজিজুল হকের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাপলা খাতুন বাদী হয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে মামলাটির নম্বর ১৯ উল্লেখ করা হয়েছে।
এসআরবি জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। পরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ অক্টোবর ভোর ৫টা ২০ মিনিটে এসআরবি-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী থানার পূর্ব নয়নপুর গ্রামের তাছলিমুল হাসানের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে জসিজল হক ওরফে ডিপটিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
বাহিনীর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত ১৮ অক্টোবরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দমনে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।















