সাধারণ
গাইবান্ধা সাদুল্লাপুরে ভেজাল সার কারখানায় অভিযান, বিপুল পরিমাণ পণ্য ও অস্ত্র জব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে পরিত্যক্ত একটি ইটভাটায় গড়ে ওঠা কথিত ভেজাল সার তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ রাসায়নিক সার, ভেজাল সার তৈরির উপকরণ, নকল কীটনাশকের প্যাকেট, গোখাদ্য তৈরির কাঁচামাল, উৎপাদনসামগ্রী ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। অভিযানে দুজনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর কালসারডারা-সংলগ্ন ভবানীপুর গ্রামে ফারুকের পরিত্যক্ত ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি সাব্বির আহম্মেদ এবং সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিত্যক্ত ইটভাটার জায়গা ভাড়া নিয়ে একটি চক্র সেখানে রাসায়নিক সার, কীটনাশক ও গোখাদ্যের নামে ভেজাল পণ্য তৈরির কার্যক্রম চালিয়ে আসছিল। এসব পণ্য স্থানীয় বাজারের পাশাপাশি বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হতো বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে কারখানা থেকে প্রায় ৩০০ বস্তা রাসায়নিক সার, সার তৈরিতে ব্যবহৃত ইটের গুঁড়া, বিভিন্ন রাসায়নিক উপাদান, চক পাউডার, রং, মোটা বালু, ফসফেট ও পটাশসদৃশ উপকরণ উদ্ধার করা হয়। এ ছাড়া নকল কীটনাশকের প্যাকেট, গোখাদ্যের ভূষি তৈরিতে ব্যবহৃত কাঠের গুঁড়া, পণ্য তৈরির যন্ত্রপাতি এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
প্রশাসনের অভিযানের খবর পেয়ে কারখানার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কয়েকজন পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে এ ঘটনায় কারখানা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব, সহকারী কৃষি কর্মকর্তা এনামুল কবির তুহিনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় জব্দ করা উপকরণের প্রকৃত ব্যবহার, পণ্যের গুণগত মান এবং কারখানার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়নি।















